আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: মধ্যপ্রাচ্যের সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে চরম উত্তেজনা দেখা দিয়েছে। একদিকে ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে, অন্যদিকে কুয়েত দাবি করেছে তারা ইরান থেকে ধেয়ে আসা ড্রোন প্রতিহত করছে। এর পাশাপাশি ইয়েমেনের হুথি গোষ্ঠী লোহিত সাগরে চলাচলকারী জাহাজ থেকে ফি আদায়ের গুঞ্জন নাকচ করেছে এবং ওমান উপকূলে অজ্ঞাত বস্তুর আঘাতে একটি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (১ আগস্ট) ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদর রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র যদি সামুদ্রিক অবরোধ অব্যাহত রাখে, তবে শুধু হরমুজ প্রণালিই নয়, আরও গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ হয়ে যেতে পারে। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের এমন উসকানিমূলক পদক্ষেপের পরিণতি বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং আসন্ন মার্কিন কংগ্রেস নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন ভোটারদেরও ভোগ করতে হবে।
এদিকে কুয়েতের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া শত্রুপক্ষের ড্রোন সফলভাবে প্রতিহত করছে। স্থানীয়ভাবে শোনা যাওয়া বিস্ফোরণের শব্দগুলো মূলত ড্রোন ধ্বংসের সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যক্রমের ফল। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করা হয়েছে।
অন্যদিকে, ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত হিউম্যানিটারিয়ান অপারেশনস কো-অর্ডিনেশন সেন্টার (এইচওসিসি) বাব আল-মান্দাব প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের কাছ থেকে কোনো ফি আদায়ের খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছে। রয়টার্সের এক প্রতিবেদনের জবাবে তারা জানায়, তাদের নিরাপদ চলাচল সহায়তা সেবা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং বিনামূল্যে দেওয়া হয়। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি দাবি করেছেন, তাদের ঘোষিত সামুদ্রিক অবরোধের কারণে সৌদি আরবের আটটি তেলবাহী ট্যাংকার বাব আল-মান্দাব প্রণালি এড়িয়ে আফ্রিকার কেপ অব গুড হোপ ঘুরে যেতে বাধ্য হয়েছে।
এ ছাড়া যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওমানের লিমা উপকূল থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে একটি তেলবাহী ট্যাংকার অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে জাহাজটির ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তবে এই ঘটনায় কোনো হতাহত বা পরিবেশগত বিপর্যয়ের খবর পাওয়া যায়নি। উপকূলরক্ষী বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। ক্ষতিগ্রস্ত জাহাজটির পতাকা কোন দেশের, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বাংলাফ্লো/এম এইচ এইচ












