বিনোদন ডেস্ক
ঢাকা: ‘বরবাদ’ সিনেমার অভূতপূর্ব সাফল্যের পর আবারও নতুন কাজ নিয়ে প্রেক্ষাগৃহে ফিরছে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের জুটি। বিভিন্ন সংবাদমাধ্যমে গুঞ্জন উঠেছে, নতুন এই সিনেমার নাম হতে যাচ্ছে ‘নিঃস্ব’।
সিনেমাটিতে শাকিব খানের উপস্থিতি নিশ্চিত হলেও তার বিপরীতে নায়িকা হিসেবে কে থাকছেন, তা এখনো চূড়ান্ত হয়নি। শোনা যাচ্ছে, ২০২৭ সালের ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতারা।
সম্প্রতি শাকিব খান নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে নতুন এই প্রজেক্টের ইঙ্গিত দিয়েছেন। ছবিতে নির্মাতা হৃদয় এবং প্রযোজক শাহরিন সুলতানা সুমির সঙ্গে তাকে দেখা যায়। ওই ছবির ক্যাপশনে শাকিব লিখেছিলেন, ‘বরবাদ’ টিম আবার ফিরছে। আবারও ইতিহাস তৈরি করা যাক।
সূত্রমতে, ‘বরবাদ’-এর মতো নতুন এই সিনেমাটিও প্রযোজনা করছে রিয়েল এনার্জি প্রোডাকশন। প্রযোজক সুমি এর আগে জানিয়েছিলেন, শিগগিরই আনুষ্ঠানিকভাবে ছবিটির বিস্তারিত ঘোষণা দেওয়া হবে এবং এরপরই শুরু হবে শুটিং।
উল্লেখ্য, এর আগে গত বছরের রোজার ঈদে মুক্তি পাওয়া ‘বরবাদ’ সিনেমাটি ঢালিউডে ব্যাপক সাফল্য পায়। শাকিব খান ও ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল অভিনীত ছবিটি বক্স অফিসে ৭৫ কোটি টাকারও বেশি ব্যবসা করেছিল বলে দাবি করেন নির্মাতারা।
বাংলাফ্লো/এম এইচ এইচ











