আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ কসোভোর সংসদে বক্তব্য দেওয়ার সময় ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আলবিন কুর্তিকে লক্ষ্য করে একের পর এক ডিম ছুড়ে মেরেছেন বিরোধী দলের এক আইনপ্রণেতা। এই অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলার মুখে স্পিকার সংসদ অধিবেশন সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হন। শনিবার (৮ আগস্ট) সংসদ চলাকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, প্রধানমন্ত্রী কুর্তির বক্তব্য চলাকালে রক্ষণশীল বিরোধী দল ‘অ্যালায়েন্স ফর দ্য ফিউচার অব কসোভো’র (এএকে) আইনপ্রণেতা টাইমা কাদরিজাই হঠাৎ দাঁড়িয়ে ‘আপনার জন্য লজ্জা!’ বলে চিৎকার করে ওঠেন। এরপরই তিনি প্রধানমন্ত্রীর দিকে একের পর এক ডিম ছুড়ে মারেন। এমন ঘটনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী আলবিন কুর্তি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ চালিয়ে যাওয়ার মূল্য যদি এমন অনভিপ্রেত পরিস্থিতির মুখোমুখি হওয়া হয়, তবে তিনি সেই মূল্য দিতে প্রস্তুত রয়েছেন।
তবে কসোভোর সংসদে এমন বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনা এটিই প্রথম নয়। খোদ কুর্তির নেতৃত্বাধীন বামপন্থি দল ‘ভেতেভেনদোসজে’ (ভিভি) অতীতে সংসদে একাধিকবার হট্টগোল ও বিক্ষোভের নেতৃত্ব দিয়েছে। এমনকি ২০১৮ সালে দলটির সদস্যরা অধিবেশন কক্ষের ভেতরেই কাঁদানে গ্যাস ছুড়েছিলেন। এর আগে ২০১৫ সালেও দেশটির সংসদের ভেতর একই ধরনের নজিরবিহীন প্রতিবাদের ঘটনা ঘটেছিল।
বাংলাফ্লো/এম এইচ এইচ










