বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তিন বছরের ব্যবধানে তিনটি ভিন্ন ভিন্ন সরকারকে শপথ পড়িয়েছেন। বাংলাদেশের রাজনীতি ও ইতিহাসে এটি একটি বিরল এবং একমাত্র ঘটনা।
গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথবাক্য পাঠ করান। একই সঙ্গে তারেক রহমানের নেতৃত্বে তাঁর সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদেরও শপথ পড়ান তিনি।
এর আগে ২০২৪ সালের শুরুতে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। কিন্তু ছাত্র-জনতার তুমুল আন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ওই বছরের ৮ আগস্ট নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। ওই সরকারকেও শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
ফলে ২০২৪, ২০২৫ ও ২০২৬— পরপর তিন বছরে তিনটি ভিন্ন সরকারকে শপথ পড়ানোর অনন্য নজির স্থাপন করেছেন সদ্য পদত্যাগী এই রাষ্ট্রপ্রধান।
এর আগে, সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁর ১০ বছরের দীর্ঘ কার্যকালে (২০১৩ থেকে ২০২৩ সাল) শেখ হাসিনার নেতৃত্বাধীন দুটি পূর্ণাঙ্গ সরকার বা মন্ত্রিসভাকে শপথবাক্য পাঠ করিয়েছিলেন।
বাংলাফ্লো/এফআইআর











