আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: দীর্ঘ ৮৭ দিন সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকার পর অবশেষে দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা পুনরায় চালু করার নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার (২৫ মে) ইরানের সাইবার স্পেস পরিচালনাকারী শীর্ষস্থানীয় সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকের পর এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়।
ইরানি সংবাদমাধ্যম মেহের নিউজের এক প্রতিবেদনে দেশটির যোগাযোগ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, সোমবারের ওই গুরুত্বপূর্ণ বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ানসহ মোট ১২ জন সদস্য উপস্থিত ছিলেন। দেশে ইন্টারনেট ফের চালু করা হবে কি না—তা নিয়ে বৈঠকে একটি ভোটাভুটি হয়। এতে উপস্থিত ১২ জনের মধ্যে ৯ জনই ইন্টারনেট চালুর পক্ষে ভোট দেন, আর বিপক্ষে ভোট পড়ে ৩টি। সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই ইন্টারনেট চালুর চূড়ান্ত সিদ্ধান্ত হয়।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে ইরানে সরকারবিরোধী আন্দোলন তীব্র রূপ নিলে চলতি বছরের ৮ জানুয়ারি প্রথম দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় দেশটির সরকার। পরবর্তীতে আন্দোলন স্তিমিত হয়ে এলে ২৩ জানুয়ারি আংশিকভাবে ইন্টারনেট চালু করা হয়। তবে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করলে সরকার দেশটিতে আবারও সম্পূর্ণভাবে ইন্টারনেট ব্ল্যাকআউট ঘোষণা করে।
টানা ৪০ দিন ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের পর গত ৮ এপ্রিল ইরানে যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। তবে যুদ্ধবিরতি চললেও এতদিন ইন্টারনেট সচল করা হয়নি। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি স্থায়ী শান্তিচুক্তি স্বাক্ষরের সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে এবং যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বৃদ্ধি করেছে ওয়াশিংটন। ভূ-রাজনীতির এমন ইতিবাচক পরিস্থিতির মাঝেই দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তুলে নিয়ে দেশটিতে ইন্টারনেট পরিষেবা সচল করার নির্দেশ দিল ইরান সরকার।
বাংলাফ্লো/এফআইআর






