বিনোদন ডেস্ক
ঢাকা: ২০০৩ সালে ‘জীবন নিয়ে খেলা’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখা টালিউড অভিনেত্রী পাওলি দাম সম্প্রতি বাংলা সিনেমায় সাহসী দৃশ্য ও দর্শকের মানসিকতার পরিবর্তন নিয়ে খোলামেলা কথা বলেছেন। দেড় দশক আগে ‘ছত্রাক’ সিনেমায় একটি সাহসী দৃশ্যে অভিনয়ের জন্য তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন এই অভিনেত্রী। তবে বর্তমানে ওটিটি ও সিনেমায় এ ধরনের দৃশ্য বাঙালি দর্শকের কাছে বেশ স্বাভাবিক হয়ে উঠেছে বলে মনে করেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পাওলি দাম তার সেই অতীত অভিজ্ঞতার কথা স্মরণ করে বলেন, ‘বাঙালি দর্শক ওই দৃশ্য নেওয়ার মতো পরিণতমনস্ক ছিল না সেই সময়। তবে আমি জানতাম, আজ না হোক কাল এ ধরনের কাজ হবেই। আমার মনে হয়েছিল, আমি সময়ের থেকে এগিয়ে কিছু করছি।’ শ্রীলঙ্কান পরিচালক বিমুক্তি জয়সুন্দর পরিচালিত ‘ছত্রাক’ সিনেমার সেই নগ্ন দৃশ্য নিয়ে বিতর্কের সময়ও তিনি জানিয়েছিলেন, শিল্পের প্রয়োজনে এ ধরনের দৃশ্যে অভিনয় নিয়ে তার কোনো ‘ট্যাবু’ নেই।
বর্তমানে বাংলা সিনেমার দর্শকের মানসিকতা প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন এ ধরনের পরীক্ষামূলক কাজ হামেশাই হচ্ছে এবং সেসব দৃশ্য রীতিমতো সেলিব্রেট করা হচ্ছে। যারা এখন এই কাজ সেলিব্রেট করেন, তারা পরিণত ও শিক্ষিত হয়েছেন।’ সিনেমা নির্মাতাদের জড়তা কাটানোর পরামর্শ দিয়ে পাওলি আরও বলেন, ‘পৃথিবীজুড়ে সিনেমার ভাষা বদলেছে। বাংলা সিনেমা একসময় অনেক এগিয়ে ছিল, এখন এই ‘ছিল’ শব্দটা বলতেই খারাপ লাগে। নির্মাতারা শুধু সেলিব্রেট না করে সাহসী দৃশ্য নিয়ে জড়তা কাটাতে পারলে আখেরে বাংলা সিনেমারই ভালো হবে।’
বাংলাফ্লো/এম এইচ এইচ






