বিনোদন ডেস্ক
ঢাকা: বিনা অনুমতিতে বলিউড সুপারস্টার আলিয়া ভাটের ছবি ব্যবহার করে বিপাকে পড়েছে পাকিস্তানের একটি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান। অভিযোগ উঠেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তি ব্যবহার করে আলিয়ার বিভিন্ন লুকে নিজেদের ব্র্যান্ডের পোশাক বসিয়ে অনৈতিকভাবে প্রচারণা চালাচ্ছে সংস্থাটি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নজরে আসার পরই আলিয়ার ভক্ত-অনুরাগীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের ওই পোশাক ব্র্যান্ডের অফিশিয়াল ওয়েবসাইটে আলিয়ার একাধিক ছবি প্রচার করা হচ্ছে। ছবিগুলোতে অভিনেত্রীকে বিভিন্ন রঙের সিল্কের পোশাকে দেখা গেলেও, একটু খেয়াল করলেই বোঝা যায় সেগুলো এআই-এর সাহায্যে সুকৌশলে বিকৃত করা হয়েছে। মূলত আলিয়ার লরিয়েল প্যারিস র্যাম্প ওয়াক, মিলান ফ্যাশন উইক এবং প্রখ্যাত ডিজাইনার সব্যসাচীর ফটোশুটের ছবিগুলোকে এআই দিয়ে এডিট করে নিজেদের ব্র্যান্ডের পোশাক পরিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। শুধু তাই নয়, বিজ্ঞাপনের ক্যাপশনে তারা চরম ধৃষ্টতা দেখিয়ে দাবি করেছে, আলিয়া নিজেও নাকি এই পোশাকগুলো দেখলে পছন্দ করতেন!
প্রিয় তারকার ছবি এভাবে বিনা অনুমতিতে ব্যবহারের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছেন আলিয়ার ভক্তরা। ক্ষুব্ধ অনুরাগীরা এই ঘটনাকে ‘প্রতারণা’ এবং ‘নিম্নমানের মার্কেটিং কৌশল’ আখ্যা দিয়ে ওই পাকিস্তানি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। উল্লেখ্য, বর্তমানে বলিউডের অনেক তারকাই নিজেদের কণ্ঠ, নাম বা ছবি বিনা অনুমতিতে ব্যবহার (পার্সোনালিটি রাইটস) রোধে বেশ কঠোর অবস্থান নিচ্ছেন। ব্যক্তিগত ভাবমূর্তি রক্ষায় এর আগে অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন, অনিল কাপুরসহ বেশ কয়েকজন তারকা আদালতের দ্বারস্থ হয়েছিলেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ



