বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: শ্রম আইনের মামলায় গ্রেপ্তার হওয়া নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রসহ চার আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৪ জুন) ঢাকার প্রথম শ্রম আদালতের বিচারক গোলাম আজম শুনানি শেষে তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে বুধবার ভোরে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে তিনি আত্মসমর্পণ করে জামিন চান। একই সঙ্গে মামলার অপর তিন আসামিও আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন। উল্লেখ্য, আফতাব অটোমোবাইলসের এক সাবেক কর্মকর্তার প্রায় ২৩ লাখ টাকা পাওনা পরিশোধ না করার অভিযোগে দায়ের করা মামলায় ঢাকার প্রথম শ্রম আদালত সাজেদুল ইসলাম শুভ্রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। সেই পরোয়ানার ভিত্তিতে মঙ্গলবার রাতভর তার বাসার সামনে পুলিশি অবস্থানের পর বুধবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। আদালত সূত্রে জানা গেছে, মামলাটির পরবর্তী কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে।
বাংলাফ্লো/এফআইআর






