জাতীয় ডেস্ক
ঢাকা: কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিটের সম্ভাবনাই বেশি বলে ধারণা পাওয়া গেছে। তবে আগুন কেউ লাগিয়েছে, নাকি বৈদ্যুতিক ত্রুটির কারণে সূত্রপাত হয়েছে—তা নিশ্চিত হতে বিজিবি, ফায়ার সার্ভিস, সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে যৌথ তদন্ত চলছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্যের পর সরকারের অবস্থান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, বুধবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে সীমান্ত থেকে ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের গ্রামের টিনশেড আধাপাকা বাড়িতে আগুন লাগে। ওই বাড়িতে কেউ বসবাস করেন না; সেখান থেকে প্রায় ২০ মিটার দূরে একটি তিনতলা বাড়িতে তাঁর বাবা-মা থাকেন। আগুনে বাড়িটিতে থাকা দুটি ছাগল ও কিছু আসবাবপত্র পুড়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শনের বিস্তারিত তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং অতিরিক্ত পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেন। পাশাপাশি সকালে তিনি নিজে কথা বলে পুলিশ সুপারকে সেখানে পাঠিয়েছেন এবং সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিজিবির একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিজিবির প্রাথমিক প্রতিবেদনের বরাতে সালাহউদ্দিন আহমদ বলেন, ঘটনাস্থলের আলামত, স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ শোনার তথ্য পাওয়া যায়নি। বাড়ির দেয়ালেও পেট্রোল বোমার কোনো চিহ্ন মেলেনি এবং কোনো প্রত্যক্ষদর্শীও পেট্রোল বোমা ব্যবহারের কথা জানাননি। বরং বাড়িটি পুরোনো হওয়ায় বৈদ্যুতিক তারের সংযোগ দুর্বল ছিল এবং ঘটনাস্থলের একটি ছবিতে শর্টসার্কিটের মতো পরিস্থিতি দেখা গেছে।
তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং কোনো নাশকতার সংশ্লিষ্টতা পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর আগে নাহিদ ইসলামের বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা গুরুতর ও সবার জন্য আতঙ্কের বিষয়; দ্রুত তদন্ত করে সংসদে জবাব দিতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান।
বাংলাফ্লো/এম এইচ এইচ










