আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন করে সামরিক হামলার হুমকিকে ‘সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য’ বলে তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। একই সঙ্গে মস্কো অভিযোগ করেছে, ইরানের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির পেছনে ‘ধ্বংসাত্মক বহিরাগত হস্তক্ষেপ’ রয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াশিংটনকে সতর্ক করে দিয়ে বলেছে, এ ধরনের আগ্রাসী পদক্ষেপ মধ্যপ্রাচ্য এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে।
বিবৃতিতে রাশিয়া স্পষ্ট ভাষায় জানিয়েছে, যারা বাইরের উসকানিতে সৃষ্ট অস্থিরতাকে অজুহাত হিসেবে ব্যবহার করে ২০২৫ সালের জুনের মতো আবারও ইরানের ওপর আগ্রাসন চালাতে চায়, তাদের এই সিদ্ধান্তের মাশুল দিতে হবে। মস্কোর মতে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভকে পুঁজি করে দেশটিতে সামরিক হস্তক্ষেপের যে ছক কষছে, তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
সম্প্রতি ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে তেহরানের কঠোর অবস্থানের জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘খুব শক্তিশালী’ একাধিক সামরিক বিকল্পের ইঙ্গিত দিয়েছেন। এর জবাবেই রাশিয়া তাদের দীর্ঘদিনের মিত্র ইরানের পাশে দাঁড়িয়ে এই কড়া বার্তা দিল। রাশিয়া মনে করে, যুক্তরাষ্ট্রের এই হুমকি আঞ্চলিক স্থিতিশীলতাকে আরও বিপন্ন করে তুলবে।
বাংলাফ্লো/এফআইআর






