বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে মুক্তার হোসেন নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার (২৪ জুন) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই আজিজুল হক তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন, যার পক্ষে শুনানি করেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। মামলার এজাহার থেকে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট মিরপুরে আন্দোলনে অংশ নেওয়া মো. মুক্তার হোসেন পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় রাবার বুলেটে আহত হন। এই ঘটনায় জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় মমতাজকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য পরবর্তীতে তার রিমান্ড চাওয়া হতে পারে। উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে গ্রেফতার হওয়ার পর থেকেই তিনি কারাগারে আটক রয়েছেন।
বাংলাফ্লো/এফআইআর






