জেলা প্রতিনিধি
বগুড়া: বগুড়ার শিবগঞ্জে এক শ্রবণ প্রতিবন্ধী নারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর গাড়ি। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় মোকামতলা-জয়পুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিমন্ত্রী ও ওই নারী সামান্য আহত হয়েছেন।
জানা গেছে, শুক্রবার সকালে সরকারি সফরে ঢাকা থেকে নিজ সংসদীয় নির্বাচনি এলাকা জয়পুরহাট-২ আসনে যাচ্ছিলেন প্রতিমন্ত্রী আবদুল বারী। গাড়িতে তার স্ত্রীও ছিলেন। সকাল ৯টার দিকে তাদের বহনকারী গাড়িটি গোপীনাথপুর এলাকায় পৌঁছালে ফিরোজা (৬০) নামে এক শ্রবণ প্রতিবন্ধী নারী হঠাৎ গাড়ির সামনে চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশের ধানখেতে নামিয়ে দেন।
দুর্ঘটনার পর প্রতিমন্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তিনি নিজ বাড়িতে ফিরে গেছেন। অন্যদিকে, সামান্য আহত ওই নারীকে উদ্ধার করে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
বগুড়ার শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই নারী সামান্য আহত হয়েছেন। তবে গাড়িতে থাকা প্রতিমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা বর্তমানে সুস্থ ও নিরাপদ রয়েছেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ









