বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ৮৭৬ জনের শরীরে এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে আরও ৬৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে ৮২৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে উপসর্গ ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯২৮ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৬৪ জনসহ ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিতভাবে মোট ১৮ হাজার ২০৮ জনের শরীরে হাম শনাক্ত করা হয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন উপসর্গযুক্ত ৮৭৬ জনসহ গত পাঁচ মাসে মোট ১ লাখ ৪৭ হাজার ৫৯১ জনের মধ্যে হামের লক্ষণ দেখা গেছে। এর মধ্যে জটিল উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৮ হাজার ২২৫ জন। তবে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে এ পর্যন্ত ১ লাখ ২৪ হাজার ৫৫৮ জন রোগী বাড়ি ফিরেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বাংলাফ্লো/এম এইচ এইচ











