বিনোদন ডেস্ক
ঢাকা: কোনো কথা না বলেই ৩৬ কোটি মানুষের মন জয় করা টিকটক সেনসেশন খাবি লেম এবার বাণিজ্যের দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছেন। ২৬ বছর বয়সী এই তরুণ তার মালিকানাধীন প্রতিষ্ঠান ‘স্টেপ ডিস্টিংটিভ লিমিটেড’ মার্কিন জায়ান্ট ‘রিচ স্পার্কল হোল্ডিংস’-এর কাছে ৯০০ মিলিয়ন মার্কিন ডলারে (প্রায় ১০ হাজার কোটি টাকা) বিক্রি করেছেন।
বিজনেস ইনসাইডার আফ্রিকার প্রতিবেদন অনুযায়ী, এই বিপুল অংকের চুক্তির ফলে আগামী ৩৬ মাস খাবি লেমের সব বাণিজ্যিক কার্যক্রম নিয়ন্ত্রণ করবে রিচ স্পার্কল। তবে খাবি শেয়ারহোল্ডার হিসেবে নীতিনির্ধারণী ভূমিকায় থাকছেন।
চুক্তির সবচেয়ে চমকপ্রদ দিক হলো খাবি লেমের একটি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ডিজিটাল সংস্করণ তৈরি করা। এই ‘এআই খাবি’ ২৪ ঘণ্টা সচল থাকবে এবং বিভিন্ন ভাষায় ভক্তদের সঙ্গে যোগাযোগ ও লাইভ স্ট্রিমিং করবে। শারীরিক উপস্থিতি ছাড়াই বিশ্বজুড়ে তার প্রভাব বজায় থাকবে।
রিচ স্পার্কল হোল্ডিংস খাবির তুমুল জনপ্রিয়তা কাজে লাগিয়ে বছরে ৪ বিলিয়ন ডলারের বেশি পণ্য ও সেবা বিক্রির লক্ষ্য নির্ধারণ করেছে। এর মধ্যে রয়েছে:
বিউটি বা সৌন্দর্যবর্ধনকারী পণ্য।
সুগন্ধি ও পোশাক খাতের প্রিমিয়াম ব্র্যান্ড কোলাবোরেশন।
চার্লি চ্যাপলিনের সঙ্গে তুলনা করা এই তারকা সম্প্রতি ‘০০খাবি’ নামে একটি হলিউড সিনেমাতেও নাম লিখিয়েছেন।
বাংলাফ্লো/এফআইআর






