বিনোদন ডেস্ক
ঢাকা: শিল্প-সংস্কৃতির গুণী মানুষদের স্মরণে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ধারাবাহিকভাবে তাদের স্মরণ করা হচ্ছে নানা আয়োজনে। এরই অংশ হিসেবে শুক্রবার বিকালে থাকছে নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ স্মরণ অনুষ্ঠান। বৃহস্পতিবার এক বার্তায় খবরটি জানিয়েছে শিল্পকলা একাডেমি। সবার জন্য উন্মুক্ত এই আয়োজনে থাকছে সেমিনার, আলোচনা সভা, হুমায়ূন আহমেদ নির্মিত চলচ্চিত্রের প্রদর্শনী এবং তার রচিত জনপ্রিয় গানের পরিবেশনা। বিকাল ৪টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে শুরু হবে এই অনুষ্ঠান।
সন্ধ্যা সাড়ে ৬টায় সেমিনার পর্বে ‘চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ: নির্মাণশৈলী ও শিল্পদর্শন’ শিরোনামে একটি প্রবন্ধ উপস্থাপন করবেন প্রখ্যাত চলচ্চিত্র গবেষক ও সমালোচক ড. শাহাদাৎ রুমন। প্রবন্ধের ওপর মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক অধ্যাপক ড. মতিন রহমান। এছাড়া বিশেষ আলোচক হিসেবে থাকবেন হুমায়ূন আহমেদের সুযোগ্য পুত্র ও নির্মাতা নুহাশ হুমায়ূন এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ।
সেমিনার ও আলোচনা সভার পাশাপাশি এই আয়োজনে থাকছে চলচ্চিত্র প্রদর্শনী। এদিন বিকাল ৪টায় দেখানো হবে হুমায়ূন আহমেদ পরিচালিত তুমুল প্রশংসিত চলচ্চিত্র ‘শ্রাবণ মেঘের দিন’। এরপর রাত ৮টায় প্রদর্শিত হবে তার আরেক সাড়া জাগানো চলচ্চিত্র ‘ঘেটুপুত্র কমলা’। এছাড়া হুমায়ূন আহমেদ রচিত জনপ্রিয় ও কালজয়ী গানগুলো পরিবেশন করবেন বিভিন্ন সংগীতশিল্পী। শিল্পকলা একাডেমির এই বিশেষ উদ্যোগ হুমায়ূন ভক্ত ও শিল্পানুরাগীদের জন্য একটি দারুণ সুযোগ তৈরি করেছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ






