জেলা প্রতিনিধি
চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই আলাউদ্দিন জানিয়েছেন, দগ্ধদের মধ্যে পাঁচ-ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, বেলা ১১টার দিকে কারখানায় ওয়েল্ডিং মেশিনে কাজ করার সময় আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে বিদ্যুতের শর্টসার্কিট থেকেও আগুনের সূত্রপাত হতে পারে বলে অন্য একটি তথ্যে উঠে এসেছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে।
অগ্নিকাণ্ডে দগ্ধ শ্রমিকরা হলেন—বোয়ালখালীর দিদারুল আলম (৩২), জাহিদ হোসেন (৩৮) ও নূর নবী (২৫), রাঙ্গুনিয়ার উজ্জ্বল দাশ (৫৩), চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকার মোহাম্মদ লিটন (২৮), লোহাগাড়ার সিরাজুল ইসলাম (৩৪), রাউজানের জাহিদুল আলম (৪২), পটিয়ার মোহাম্মদ আলম (৪৫) ও মাহমুদুল হক (৪৫) এবং চন্দনাইশের সেলিম উদ্দিন (৩০)।
বাংলাফ্লো/এফআইআর












