লাইফ স্টাইল ডেস্ক
ঢাকা: লেবু শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি প্রাকৃতিক উপাদান। বিশেষ করে যারা ওজন কমাতে আগ্রহী, তাদের অনেকের মধ্যেই সকালে খালি পেটে কুসুম গরম পানিতে লেবুর রস পান করার অভ্যাস দেখা যায়। লেবুর পানিতে রয়েছে প্রচুর ভিটামিন ‘সি’ ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেকের ধারণা, সকালে কুসুম গরম পানিতে লেবুর রস খেলে ক্যালোরি ঝরে, শরীর ডিটক্স হয় এবং নানা স্বাস্থ্য উপকার পাওয়া যায়।
সকালে খালি পেটে লেবু পানি পানের উপকারিতা:
হজমশক্তি বাড়ায়: লেবুর রস পাকস্থলীতে পাচক রস নিঃসরণে সহায়তা করে। ফলে বদহজম, গ্যাস ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকটাই কমে আসে।
ওজন কমাতে সহায়ক: লেবুতে থাকা পেকটিন ফাইবার ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে। নিয়মিত লেবু পানি পান করলে শরীরের মেটাবলিজম সক্রিয় হয়, যা দ্রুত ওজন কমাতে সহায়তা করে।
শরীর থেকে টক্সিন বের করে: লেবু পানি প্রাকৃতিক ডিটক্স হিসেবে কাজ করে। এটি লিভারের কার্যকারিতা বাড়িয়ে শরীর থেকে ক্ষতিকর বর্জ্য ও টক্সিন বের করতে সহায়তা করে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: ভিটামিন ‘সি’-সমৃদ্ধ লেবু শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী করে। ফলে সর্দি-কাশি ও বিভিন্ন সংক্রমণের ঝুঁকি কমে।
ত্বক উজ্জ্বল রাখে: লেবুর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ভেতর থেকে পরিষ্কার রাখতে সাহায্য করে। নিয়মিত পানে ত্বক উজ্জ্বল হয় এবং ব্রণের প্রবণতা কমে।
শরীর হাইড্রেট রাখে: ঘুম থেকে ওঠার পর শরীর কিছুটা পানিশূন্য থাকে। সকালে লেবু পানি পান করলে শরীর দ্রুত হাইড্রেট হয় এবং ক্লান্তি ভাব দূর হয়।
মুখের দুর্গন্ধ কমায়: লেবুর প্রাকৃতিক অ্যাসিড মুখের ক্ষতিকর ব্যাকটেরিয়া কমিয়ে মুখের দুর্গন্ধ দূর করতে সহায়তা করে।
পানের নিয়ম ও সতর্কতা: এক গ্লাস কুসুম গরম পানিতে আধা থেকে এক চা চামচ তাজা লেবুর রস মিশিয়ে সকালে খালি পেটে পান করতে হবে। স্বাদ বাড়াতে চাইলে সামান্য মধু যোগ করা যেতে পারে। তবে যাদের গ্যাস্ট্রিক, আলসার বা দাঁতের এনামেল দুর্বল, তাদের লেবু পানি পান করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
বাংলাফ্লো/এফআইআর






