বিনোদন ডেস্ক
ঢাকা: ভারতের মুম্বাইয়ের জুহু এলাকায় বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে অভিনেতা অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও তার গাড়িচালক ফিরদাউস এবং একজন পথচারী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে মুম্বাই পুলিশ।
পুলিশের ডেপুটি কমিশনার মোহিত গার্গ জানিয়েছেন, কাজ শেষে জুহু এলাকা ত্যাগ করার সময় টাইগার শ্রফের গাড়িকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে চালক ফিরদাউসের বাঁ হাতে গুলি লাগে এবং চৌহান নামের এক পথচারী আহত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সহযোগীরা এই হামলার দায় স্বীকার করে হুমকি দিয়েছে যে সালমান খানের সঙ্গে যারা কাজ করবে, তাদেরই লক্ষ্যবস্তু করা হবে।
এই গুলিবর্ষণের ঘটনার পর পুরো বলিউড অঙ্গনে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিস ও উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে মুম্বাই পুলিশকে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তারকাদের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ












