আন্তর্জাতিক ডেস্ক ঢাকা: ইসরাইলের আসন্ন সাধারণ নির্বাচনকে সামনে রেখে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি প্রকাশ্য ও নিঃশর্ত সমর্থন ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠেয় নির্বাচনের আগে এই সমর্থনের পাশাপাশি তিনি সতর্ক করে জানিয়েছেন, নেতানিয়াহু পুনরায় ক্ষমতায় না এলে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে একাই লড়াই করতে হতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে নেতানিয়াহুকে ‘মহান যোদ্ধা প্রধানমন্ত্রী’ হিসেবে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প উল্লেখ করেন, ইরানের বিরুদ্ধে লড়াই এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। ইসরাইলে যদি ভুল নেতা নির্বাচিত হন, তবে ইরান মোকাবিলায় ওয়াশিংটনকে একাই সব দায়িত্ব নিতে হবে, যা তিনি করতে আগ্রহী নন।
নির্বাচনের মাত্র নয় দিন আগে দেওয়া এই বার্তায় ট্রাম্প আরও বলেন, ৭ অক্টোবরের হামলার পর ইসরাইল যে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং বিরোধীদের যে চাপ তৈরি হয়েছে, তার মধ্যেও নেতানিয়াহু নিজের অবস্থানে অটল থেকেছেন। অন্যদিকে ট্রাম্পের এই অকুণ্ঠ সমর্থনের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তাকে ধন্যবাদ জানিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজও ট্রাম্পের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ












