আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: যুক্তরাষ্ট্রে নিজ বাড়িতে মা ও ছোট ভাইকে নির্মমভাবে হত্যার অভিযোগে ১৭ বছর বয়সি এক ভারতীয় বংশোদ্ভূত কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের শহরতলি এলাকা অ্যাক্টনের বাসিন্দা ওই কিশোরের নাম অর্জুন অরবিন্দ। রাতভর তল্লাশির পর গত বুধবার (১২ আগস্ট) ভোরে ওয়েল্যান্ড এলাকার একটি পার্কিং লট থেকে তাকে গ্রেফতার করা হয়।
কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, অর্জুনের বিরুদ্ধে তার মা সুধা ভেঙ্কটেশন (৪৫) ও ১৪ বছর বয়সি ছোট ভাই সিদ্ধার্থ অরবিন্দকে হত্যার দায়ে হত্যা মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে পরিবারের সদস্যের ওপর হামলা ও নির্যাতন, একাধিক ধারায় শারীরিক আঘাত, অনুমতি ছাড়া গাড়ি ব্যবহার এবং গাড়ি চুরির মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।
জানা গেছে, অ্যাক্টন-বক্সবোরো আঞ্চলিক হাইস্কুলের শিক্ষার্থী অর্জুন গত মঙ্গলবার (১১ আগস্ট) নিজ বাড়িতে তার মা ও ছোট ভাইয়ের ওপর প্রাণঘাতী হামলা চালায়। এরপর সে মায়ের সবুজ রঙের হোন্ডা অ্যাকর্ড গাড়িটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মঙ্গলবার সন্ধ্যায় একজন গৃহশিক্ষক পড়াতে এসে বাড়িতে ঢুকতে না পেরে অর্জুনের বাবাকে বিষয়টি জানান। পরে অর্জুনের বাবা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেসমেন্টে মা সুধা ভেঙ্কটেশন এবং নিচতলায় ভাই সিদ্ধার্থের লাশ উদ্ধার করে। উভয়ের শরীরেই মারাত্মক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
তদন্তে নেমে পুলিশ চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন করেছে। মিডলসেক্স কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের এক বিবৃতিতে জানানো হয়েছে, অর্জুন সম্প্রতি বেশ কিছু আশঙ্কাজনক আচরণ করছিল। সে ইন্টারনেট এবং কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ ব্যবহার করে নিজের পরিবারকে হত্যা করার বিষয়ে কাল্পনিক চিন্তাভাবনা ও বিভিন্ন তত্ত্ব অনুসন্ধান করছিল। এছাড়া চ্যাটবটটির সাহায্যে সে ‘গথিক উপন্যাস’ ঘরানার গল্প ও চরিত্র সৃষ্টি করে নানা ধরনের প্রশ্ন জিজ্ঞেস করত।
অর্জুনকে বুধবারই লোওয়েল জুভেনাইল আদালতে হাজির করার কথা ছিল। তবে কিশোর আদালত (জুভেনাইল কোর্ট) হত্যা মামলার বিচার করার এখতিয়ার না রাখায়, পরবর্তীতে তাকে কনকর্ড ডিস্ট্রিক্ট কোর্টে স্থানান্তর করা হবে বলে জানা গেছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












