জেলা প্রতিনিধি
মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কঠোর অবস্থান ও বাধার মুখে ওই চারজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে বিএসএফ।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে রংমহল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে চারজন অজ্ঞাতপরিচয় পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। বিজিবির গোয়েন্দা তথ্য এবং সীমান্তে নিয়োজিত টহল দলের সতর্ক অবস্থানের কারণে তাৎক্ষণিকভাবে এই প্রচেষ্টা শনাক্ত করা সম্ভব হয়।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বিজিবির সদস্যরা সীমান্তে দৃঢ় অবস্থান নিয়ে পুশইনের চেষ্টা প্রতিহত করেন। বিজিবির অনড় অবস্থানের মুখে শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে প্রতিপক্ষ ১১ ব্যাটালিয়ন বিএসএফের দীঘলকান্দি ক্যাম্পের সদস্যরা ওই চারজনকে ভারতের কাঁটাতারের বেড়ার ভেতরে ফিরিয়ে নিয়ে যায়।
শুক্রবার সকাল ১০টা ১২ মিনিটে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, বর্তমানে সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে এবং এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ










