জেলা প্রতিনিধি
কক্সবাজার: বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপে আটকা পড়েছেন দুই বিশ্ববিদ্যালয়ের ৯৬ জন শিক্ষক-শিক্ষার্থী। তাদের মধ্যে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের ২ শিক্ষকসহ ৩১ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের ৬৫ জন শিক্ষক-শিক্ষার্থী রয়েছেন।
জানা গেছে, জাবিপ্রবির ৩১ জনের দলটি গত ১৭ নভেম্বর ব্যাচ ট্যুরে সেন্ট মার্টিনে যায় এবং ১৯ নভেম্বর তাদের ফেরার কথা ছিল। কিন্তু বুধবার রাত থেকে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তারা উত্তর বিচের বিন্দু ইকো রিসোর্টে আটকা পড়েছেন। দীর্ঘ সময় অবস্থান করতে হওয়ায় তাদের খাবারের জন্য বরাদ্দ করা অর্থ প্রায় শেষ হয়ে এসেছে এবং সামনে ১ ডিসেম্বর থেকে সেমিস্টার ফাইনাল পরীক্ষা থাকায় শিক্ষার্থীরা চরম দুশ্চিন্তায় পড়েছেন।
এদিকে আটকে পড়া জাবিপ্রবির শিক্ষার্থী মোজাহিদ সিফাত মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন এবং তার হাঁটুর প্যাটেলা স্থানচ্যুত হয়েছে। সেন্ট মার্টিন হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা না থাকায় তাকে টেকনাফে নেওয়ার উদ্যোগ নিয়েছে কোস্টগার্ড, তবে আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থানান্তর ঝুঁকিপূর্ণ বলে জানানো হয়েছে।
জাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন এবং রাবির বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মানিকুল ইসলাম জানিয়েছেন, শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপদে ফিরিয়ে আনতে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। অন্যদিকে সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম আশ্বাস দিয়েছেন, আটকে পড়া শিক্ষক-শিক্ষার্থীরা আর্থিক সংকটে পড়লে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
বাংলাফ্লো/এম এইচ এইচ











