বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: দীর্ঘ ১৮ বছরের নির্বাসিত জীবনের ইতি টেনে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের শীর্ষ নেতার এই স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে এক অভিনব ডিজিটাল কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। কর্মসূচির নাম দেওয়া হয়েছে—‘আমার ভাবনায় বাংলাদেশ: জাতীয় রিল মেকিং প্রতিযোগিতা’।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে গুলশান বিএনপির নতুন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন।
মাহাদী আমিন জানান, এই প্রতিযোগিতা ১৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে তারেক রহমানের দেশে ফেরার দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। মাত্র ১ মিনিটের সৃজনশীল রিল ভিডিও তৈরি করে যে কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রতিযোগিতায় বিজয়ী সেরা ১০ জন তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপের বিরল সুযোগ পাবেন।
প্রতিযোগীদের অংশগ্রহণ নিশ্চিত করতে ৬টি ধাপ অনুসরণ করতে হবে:
১. নির্দিষ্ট ১১টি থিমের মধ্যে যেকোনো একটি বিষয় বেছে নিতে হবে।
২. ভিডিও বা রিলের দৈর্ঘ্য সর্বোচ্চ ১ মিনিটের মধ্যে হতে হবে।
৩. ভিডিওটি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম বা টিকটকের মতো সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে হবে।
৪. আপলোডের সময় ক্যাপশনে অবশ্যই #BangladeshFirst হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে।
৫. রিলের লিংকটি বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজের ‘আমার ভাবনায় বাংলাদেশ’ ইভেন্টে পোস্ট করতে হবে।
৬. ভিডিওর ধরন হতে পারে একক বক্তব্য, স্যাটায়ার, গান, সংলাপ বা অভিনয়।
প্রতিযোগিতার ফলাফল নির্ধারণে ৩০ শতাংশ নম্বর নির্ভর করবে জনমতের (সোশ্যাল মিডিয়া এনগেজমেন্ট) ওপর এবং বাকি ৭০ শতাংশ নির্ধারণ করবে জুরি বোর্ড। নির্ধারিত ১১টি থিম হলো: ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিক্ষা, পরিবেশ, আমি যেমন দেশ চাই, ক্রীড়া, ইমাম-মুয়াজ্জিনের সম্মান, প্রবাসী এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ।
গুলশানের নতুন কার্যালয় প্রসঙ্গে মাহাদী আমিন বলেন, এটি বিএনপির একটি অফিস, যা আগামী দিনের নির্বাচনী কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত হবে। তবে এটিকে কেবল ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কার্যালয় বলা ঠিক হবে না।
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, ড. জিয়াউদ্দিন হায়দার ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।
বাংলাফ্লো/এফআইআর






