আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: নেপালের রসুয়া জেলার ভোতেকোশি নদীতে গত বুধবার ভয়াবহ আকস্মিক বন্যার পর অস্বাভাবিক আকারের বড় বড় মাছ ভেসে এসেছে। বন্যার তীব্র স্রোতে এসব মাছ প্রতিবেশী ভারতের বিহার রাজ্যেও পৌঁছে গেছে। বন্যার পানিতে ভেসে আসা এসব মাছ সাধারণ মানুষ ধরছেন, খাচ্ছেন এবং বিক্রিও করছেন। তবে এই মাছ খেয়ে কয়েকজন অসুস্থ হওয়ার খবর পাওয়ার পর সাধারণ মানুষকে এগুলো খাওয়া ও বিক্রি থেকে বিরত থাকার কড়া সতর্কতা দিয়েছে বিহার সরকার।
গত সোমবার এক জননিরাপত্তাবিষয়ক সতর্কতায় বিহার সরকারের ডেইরি বিভাগের মৎস্য ডিভিশন এ তথ্য জানায়। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বন্যার প্রবল পানি বিভিন্ন পুকুর, নদী, হ্রদ ও অন্যান্য জলাশয় থেকে মাছ ভাসিয়ে নিয়ে আসে। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় এসব মাছ দূষিত ড্রেন, মৃত প্রাণী এবং অন্যান্য বিষাক্ত পদার্থের সংস্পর্শে আসে। ফলে এগুলোতে ক্ষতিকর ব্যাকটেরিয়া, ভাইরাস ও ফাঙ্গাস যুক্ত হওয়ার প্রবল ঝুঁকি থাকে। তাই সম্পূর্ণ নিরাপদ হিসেবে নিশ্চিত না হওয়া পর্যন্ত সরাসরি বন্যার পানি থেকে ধরা এসব অপরিচিত মাছ খাওয়া উচিত নয় বলে সতর্ক করা হয়েছে।
বন্যার পর থেকে বিহারের গন্ডক নদীতে বড় বড় মাছ ভাসতে দেখা যাচ্ছে, যার মধ্যে রয়েছে বিশাল আকারের মাগুর মাছও। এ বিষয়ে ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অব ইন্ডিয়ার পরিচালক সমীর কুমার সিনহা সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে জানান, বিহারে সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে মাগুর মাছ। এগুলো ভারতে সাধারণত খাওয়া হলেও মারা যাওয়ার খুব অল্প সময়ের মধ্যেই তা পচতে শুরু করে। তাই এসব মাছ খাওয়ার আগে তা পচে গেছে কি না, সে বিষয়ে সাধারণ মানুষকে ভালোভাবে নিশ্চিত হতে হবে।
বাংলাফ্লো/এম এইচ এইচ










