বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’— তৎকালীন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের পর দেশজুড়ে আলোচনায় আসা বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা মো. মাসুদ আলমকে এবার চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হয়েছে। একই সঙ্গে সংস্থাটির আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্বেও পরিবর্তন আনা হয়েছে।
গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এসব বদলি ও পদায়নের কথা জানানো হয়। আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
অফিস আদেশ অনুযায়ী, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞাকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একই পদে বদলি করা হয়েছে। ফলে মাসুদ আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।
উল্লেখ্য, বিআরটিএর নানা অনিয়ম ও কর্মকর্তাদের ভূমিকা নিয়ে কথা বলার সময় তৎকালীন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মাসুদ আলমকে উদ্দেশ করে প্রকাশ্যেই বলেছিলেন, ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ।’ সেতুমন্ত্রীর ওই বক্তব্যের পর মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে মাসুদ আলমকে নিয়ে ব্যাপক আলোচনা ও ট্রল শুরু হয়।
বাংলাফ্লো/এম এইচ এইচ










