স্পোর্টস ডেস্ক
ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি ক্রিকেটের উন্নয়ন এবং খেলোয়াড়দের সমর্থনে খালেদা জিয়ার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
ক্রিকেটের প্রতি অবদান ও ব্যক্তিগত স্মৃতিচারণ: বিসিবি সভাপতি তার শোকবার্তায় বলেন, “ব্যক্তিগতভাবে আমি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি আমার খেলোয়াড়ি জীবনে যে ধরনের প্রেরণা ও সমর্থন তিনি জুগিয়েছেন।” তিনি উল্লেখ করেন, খালেদা জিয়ার তত্ত্বাবধানে বাংলাদেশে ক্রিকেটের অবকাঠামো ও সুযোগ-সুবিধার ব্যাপক উন্নয়ন হয়েছিল, যা দেশজুড়ে খেলাটির শক্ত ভিত গড়তে সহায়তা করেছে।
খালেদা জিয়ার ছোট ছেলে ও বিসিবির সাবেক উন্নয়ন কমিটির চেয়ারম্যান প্রয়াত আরাফাত রহমান কোকোর কথাও স্মরণ করেন বুলবুল। তিনি বলেন, “ক্রিকেটে তার উত্তরাধিকার অবিচ্ছেদ্য হয়ে আছে প্রয়াত ছেলে আরাফাত রহমানের মাধ্যমেও। তার দূরদৃষ্টি ও উদ্যোগের অগ্রগামী প্রভাব ছিল বাংলাদেশে ক্রিকেটের আধুনিকায়নের পথচলায়।”
বুলবুল বলেন, বেগম জিয়ার মৃত্যু জাতির জন্য এক বিশাল ক্ষতি। বিসিবির পক্ষ থেকে তিনি মরহুমার পরিবার এবং দেশ-বিদেশের শোকাহত লাখো মানুষের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের দুঃখ ভাগাভাগি করে নেওয়ার কথা উল্লেখ করেন।
বাংলাফ্লো/এফআইআর






