বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: বাংলাদেশ ও জাপান দ্বিপক্ষীয় দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেছে। ঢাকা সফররত জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী নামাজু হিরোয়ুকি বুধবার (১২ আগস্ট) পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ ও জাপানের সম্পর্ক ঐতিহাসিকভাবে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ এবং দুই দেশ বর্তমানে তাদের কৌশলগত অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে জাপানের দীর্ঘদিনের অবদানের কথা উল্লেখ করে বিগ-বি (BIG-B) উদ্যোগ এবং অফিসিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স কর্মসূচির আওতায় জাপানের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণকে স্বাগত জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি তিনি জাপানে আরও বেশি দক্ষ বাংলাদেশি কর্মীর জন্য কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন।
অন্যদিকে, জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী নামাজু হিরোয়ুকি বাংলাদেশের উষ্ণ আতিথেয়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে জাপান বাংলাদেশের সঙ্গে তাদের ঘনিষ্ঠ ও দীর্ঘস্থায়ী সম্পর্ক আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। উভয়পক্ষই আশা প্রকাশ করে যে, আগামী দিনে বাংলাদেশ-জাপান কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর ও বিস্তৃত হবে।
বাংলাফ্লো/এম এইচ এইচ











