জেলা প্রতিনিধি
চট্টগ্রাম: চট্টগ্রামে ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন কুমিল্লার বাঘা শরীফ। আজ শনিবার (২৫ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে গত আসরের মতো এবারও রানারআপ হয়েছেন একই জেলার রাশেদ বলী। এবারের প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছেন সার্জের দিপু।
শনিবার বিকেলে ঐতিহাসিক লালদীঘি মাঠে শুরু হওয়া এই মূল প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ১০৮ জন বলী বা কুস্তিগির অংশ নেন। প্রতিটি লড়াই ছিল টানটান উত্তেজনায় ভরপুর। একের পর এক শক্ত প্রতিদ্বন্দ্বিতা পেরিয়ে শেষ পর্যন্ত ফাইনালে জায়গা করে নেন বাঘা শরীফ ও রাশেদ বলী। ফাইনাল ঘিরে উপস্থিত হাজারো দর্শকের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। সবার মনেই প্রশ্ন ছিল—অভিজ্ঞতায় এগিয়ে থাকা বাঘা শরীফ কি শিরোপা ধরে রাখবেন, নাকি গতবারের হার শোধ করে চ্যাম্পিয়ন হবেন রাশেদ বলী? তবে দীর্ঘ ৩০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াই শেষে গতবারের মতোই চ্যাম্পিয়নের মুকুট নিজের কাছে ধরে রাখেন বাঘা শরীফ।
বলীখেলা উপলক্ষে লালদীঘি মাঠ ও এর আশপাশের এলাকা হাজারো দর্শকের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশে রূপ নেয়। উল্লেখ্য, ঐতিহাসিকভাবে চট্টগ্রামের এই জনপ্রিয় বলীখেলার সূচনা হয়েছিল ১৯০৯ সালে। ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে তরুণদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং তাদের সংগঠিত করার মহান উদ্দেশ্যে স্থানীয় ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর এই প্রতিযোগিতার প্রচলন করেছিলেন। সময়ের পরিক্রমায় এটি একটি জনপ্রিয় লোকজ উৎসবে পরিণত হয়েছে এবং এক শতাব্দীরও বেশি সময় ধরে চট্টগ্রামের অন্যতম প্রধান ঐতিহ্য হিসেবে আপন মহিমায় টিকে আছে।
বাংলাফ্লো/এফআইআর



