বিনোদন ডেস্ক
ঢাকা: ভারতের দক্ষিণী অভিনেত্রী ও ‘বিগ বস’ তারকা আশু রেড্ডির বিরুদ্ধে আর্থিক প্রতারণার গুরুতর অভিযোগ উঠেছে। বিয়ের প্রলোভন দেখিয়ে লন্ডনে কর্মরত এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাছ থেকে প্রায় ৯ কোটি ৩৫ লাখ রুপি হাতিয়ে নেওয়ার অভিযোগে ভারতের হায়দরাবাদের সেন্ট্রাল ক্রাইম স্টেশনে এই অভিনেত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের সূত্রমতে, ভুক্তভোগী ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের নাম ওয়াই ভি ধর্মেন্দ্র। তাঁর বাবা সত্যনারায়ণ এই প্রতারণার অভিযোগটি দায়ের করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালে আশু রেড্ডি লন্ডন ভ্রমণে গেলে সেখানে ধর্মেন্দ্রর সঙ্গে তাঁর পরিচয় হয়। পরবর্তী সময়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং এই অভিনেত্রী ধর্মেন্দ্রকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিপুল অঙ্কের ওই অর্থ আত্মসাৎ করেন।
এদিকে, অর্থ আত্মসাতের এই খবর ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই মুখ খোলেন আশু রেড্ডি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক বার্তায় নিজের বিরুদ্ধে ওঠা এই অভিযোগকে ‘ভুয়া তথ্য’ আখ্যা দিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। ভক্ত ও সংবাদমাধ্যমকে তথ্য প্রচারের ক্ষেত্রে সংযত হওয়ার আহ্বান জানিয়ে এই তারকা লেখেন, সম্মতি ছাড়া এমন ভুয়া খবর ছড়ানো হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে এবং পুলিশের তদন্ত চলমান থাকলেও আইনি লড়াইয়ের ইঙ্গিত দিয়েছেন আশু।
উল্লেখ্য, দক্ষিণী বিনোদন জগতের পরিচিত মুখ আশু রেড্ডি মূলত তেলেগু সিনেমার মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন। ‘চাল মোহন রাঙ্গা’, ‘ফোকাস’, ‘স্পার্ক লাইফ’, ‘ইয়েভাম’ এবং ‘পদ্মাব্যুহম লো চক্রধারী’র মতো বেশ কিছু সিনেমায় অভিনয় করে তিনি দর্শকপ্রিয়তা পান। তবে তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস তেলেগু’। এই শো-তে অংশ নেওয়ার পরই তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ






