বিনোদন ডেস্ক
ঢাকা: জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণবের কালজয়ী অ্যালবাম ‘হোক কলরব’-এর দুই দশক পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ কনসার্টে চরম অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার বলরুমে অনুষ্ঠিত এই আয়োজনে টিকিট কেটেও বসার আসন না পাওয়া এবং নিম্নমানের সাউন্ড সিস্টেম নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দর্শকরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবি ও ভিডিওতে কনসার্টস্থলের বিশৃঙ্খল চিত্র ও দর্শকদের অসন্তোষ স্পষ্টভাবে উঠে এসেছে। ভিডিওগুলোতে দেখা যায়, ক্ষুব্ধ দর্শকরা আয়োজক প্রতিষ্ঠান টোয়েন্টিজ কমিউনিকেশনসের উদ্দেশে দুয়োধ্বনি দিচ্ছেন।
ভুক্তভোগী এক দর্শক জানান, জনপ্রতি ২ হাজার টাকা করে ছয়টি টিকিট কিনেও পাঁচ তারকা হোটেলের বলরুমে তাদের দাঁড়িয়ে কনসার্ট দেখতে হয়েছে। কনসার্ট শুরুর আগের একটি ছবিতেও দেখা যায়, হলে কোনো চেয়ার না থাকায় অসংখ্য দর্শক মেঝেতে বসে ও সামনের দিকে দাঁড়িয়ে অপেক্ষা করছেন।
এ ছাড়া সাউন্ড সিস্টেমের ত্রুটির কারণে স্পিকার থেকে ঠিকমতো আওয়াজ না আসায় কোন গান গাওয়া হচ্ছে বা কে গাইছেন, তাও বোঝা যাচ্ছিল না বলে অভিযোগ করেছেন উপস্থিত শ্রোতারা।
উল্লেখ্য, ২০০৬ সালে প্রকাশিত অর্ণবের ‘হোক কলরব’ অ্যালবামের ২০ বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। এর আগে ২০ নভেম্বর কনসার্টটি হওয়ার কথা থাকলেও শিল্পীর ব্যক্তিগত জরুরি পরিস্থিতির কারণে তারিখ পিছিয়ে ২৭ নভেম্বর বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল, যেখানে অর্ণবের পাশাপাশি আহমেদ হাসান সানি, মাশা ইসলাম ও সুনিধি নায়েকের গান পরিবেশনের কথা ছিল।
বাংলাফ্লো/এম এইচ এইচ









