বিনোদন ডেস্ক
ঢাকা: দর্শকপ্রিয় অভিনেতা সোহেল খান চিরবিদায় নিয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার ধামরাই উপজেলার রাজাপুরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। এর আগে সন্ধ্যা ৬টায় রাজাপুর ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে স্বজন, সহকর্মী ও এলাকাবাসী অংশ নেন।
জানাজার আগে পরিবারের সদস্যরা উপস্থিত সবার কাছে প্রয়াত অভিনেতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া চান। পাশাপাশি সোহেল খানের কাছে কারো কোনো দেনা-পাওনা থাকলে তা পরিবারের সঙ্গে যোগাযোগ করে নিষ্পত্তি করার অনুরোধ জানানো হয়।
এর আগে মঙ্গলবার সকালে বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ৬৬ বছর বয়সী এই অভিনেতা। দ্রুত তাকে টিএমএসএস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃত্যুসনদে তার মৃত্যুর কারণ হিসেবে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ উল্লেখ করা হয়েছে।
গত ১৯ নভেম্বর থেকে ‘নসিব’ সিনেমার শুটিংয়ের জন্য বগুড়ায় অবস্থান করছিলেন তিনি। তার আকস্মিক মৃত্যুর খবরে সিনেমাটির শুটিং সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। প্রযোজক আরশাদ আদনান এই মৃত্যুকে পুরো সাংস্কৃতিক অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি বলে অভিহিত করেছেন।
মোস্তফা সরয়ার ফারুকীর বিজ্ঞাপনের মাধ্যমে পর্দায় যাত্রা শুরু করা সোহেল খান ‘৪২০’ নাটকে ‘বিশু’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান। এ ছাড়া ‘দারুচিনি দ্বীপ’, ‘প্রজাপতি’, ‘দেশা : দ্য লিডার’, ‘শান’ ও ‘জংলি’র মতো অসংখ্য জনপ্রিয় সিনেমায় তার সাবলীল অভিনয় দর্শকদের হৃদয়ে অমলিন হয়ে থাকবে।
বাংলাফ্লো/এম এইচ এইচ









