বিনোদন ডেস্ক
ঢাকা: পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলতে যাওয়া এই জমকালো উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসছেন বলিউড সুপারস্টার সালমান খান।
মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যে সালমান খানের আসার বিষয়টি নিশ্চিত হয়। তিনি জানান, সালমান খানের হাত ধরেই শুরু হতে পারে এবারের চলচ্চিত্র উৎসব। ভিক্টোরিয়া মেমোরিয়ালে উদ্বোধনী অনুষ্ঠান ও রেড কার্পেটের আয়োজনের পরিকল্পনা রয়েছে।
শুধু সালমান নন, উৎসব কমিটির মুখ্য উপদেষ্টা মিঠুন চক্রবর্তী ও চেয়ারম্যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উদ্যোগে উদ্বোধনী মঞ্চে থাকতে পারেন কঙ্গনা রানাউত, রজনীকান্ত, অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, অনুপম খের, পরেশ রাওয়াল ও জনি লিভারের মতো তারকারা। এ ছাড়া উৎসবের ‘ফিল্ম বাজার’-এর দায়িত্বে থাকছেন অভিনেতা জিৎ।
সাম্প্রতিক বছরগুলোতে বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে একাধিকবার প্রাণনাশের হুমকি পাওয়ার পর থেকে কঠোর নিরাপত্তার মধ্যে থাকছেন সালমান খান। এমন পরিস্থিতিতে প্রকাশ্যে যাতায়াত সীমিত থাকলেও কলকাতা চলচ্চিত্র উৎসবে তার উপস্থিতির খবরে সিনেমাপ্রেমীদের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি হয়েছে।
এবারের উৎসবের ফোকাস কান্ট্রি আয়ারল্যান্ড এবং এর নতুন লোগো তৈরি করেছেন পরিচালক সন্দীপ রায়। তবে প্রতিবার শাহরুখ খানের উপস্থিতি নিয়ে ভক্তদের আগ্রহ থাকলেও এবারের আসরে তিনি যোগ দেবেন কি না, সে বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।
বাংলাফ্লো/এম এইচ এইচ












