বিনোদন ডেস্ক
ঢাকা: ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী টিনা দত্তের জীবনে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। হঠাৎ করেই তার স্বপ্নের বাড়ির ফলস সিলিংয়ের একটি বড় অংশ ভেঙে পড়ে তার মাথা, ঘাড় ও কাঁধের ওপর। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন ‘উত্তরণ’ খ্যাত এই অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে নিজের বিধ্বস্ত বাড়ির ছবি ও সেই আতঙ্কের অভিজ্ঞতা তুলে ধরেছেন টিনা। ভিডিওতে তিনি জানান, দুর্গাপূজার পর কলকাতা থেকে বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে বসার ঘরে খাবার প্রস্তুতি নিচ্ছিলেন, এমন সময় হঠাৎ কার্পেটের ওপর সিলিংয়ের ভাঙা অংশ দেখতে পান।
বাইরে থেকে কিছু পড়েছে কি না দেখতে জানলার দিকে এগোতেই হঠাৎ তার মাথা, ঘাড় ও কাঁধের ওপর ভারী কিছু এসে পড়ে। ওপরে তাকিয়ে তিনি দেখতে পান, ঘরের ফলস সিলিং ভেঙে পড়ছে। কলকাতার সেরা স্থপতিকে দিয়ে ভালোবাসা ও যত্নে সাজানো বাড়ির এমন বিপর্যয় কিছুতেই মেনে নিতে পারছিলেন না তিনি।
দুর্ঘটনার পর দুদিন ধরে চরম শকে ও স্তব্ধ হয়ে ছিলেন বলে জানান টিনা দত্ত। তৃতীয় দিনে পরিস্থিতি বুঝতে পেরে তিনি হাউমাউ করে কেঁদে ফেলেন। এই ঘটনায় তার প্রিয় সোফাটি ভেঙে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে, পাশাপাশি ক্যারিয়ারে পাওয়া একাধিক মূল্যবান পুরস্কার ও ইতালি থেকে আনা শৌখিন ওয়ালপেপারও নষ্ট হয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












