জেলা প্রতিনিধি
গাজীপুর: ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে চলমান শ্রমিক আন্দোলনের ২৪তম দিনে উত্তাল হয়ে উঠেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন এলাকা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে জেলার কয়েকটি স্থানে অসন্তোষ দেখা দিলেও দুপুরের পর পরিস্থিতি ব্যাপক আকার ধারণ করে। এমন পরিস্থিতিতে কর্তৃপক্ষ গাজীপুরের ৭০টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে।
এদিন সকাল ৯টার দিকে শ্রীপুর উপজেলার বাঘের বাজার ও পোড়াবাড়ি এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয় এবং ওই এলাকার ১০টি কারখানা ছুটি দেওয়া হয়। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর ভোগড়া এলাকায় সড়ক অবরোধ করলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দিলে আন্দোলনকারীরা গাজীপুরা ২৭ এলাকায় গিয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে, উড়াল সড়কের নিচে থাকা পুলিশ বক্স ভাঙচুর করে এবং আসবাবপত্রে অগ্নিসংযোগ করে। সেখানেও পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এরপর দুপুর ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা ২৭, ভোগড়া, মালেকেরবাড়ী ও সালনা এলাকায় ফের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। বিকেল ৪টা পর্যন্ত শিল্পাঞ্চলজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিটি পয়েন্টে পুলিশের পাশাপাশি আনসার ব্যাটালিয়ন, বিজিবি ও এসআরবি মোতায়েন রয়েছে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি পয়েন্টে শ্রমিক বিক্ষোভ হয়েছে এবং এক জায়গা থেকে সরিয়ে দিলে তাঁরা অন্যত্র বিক্ষোভের চেষ্টা করছেন। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুরের বিভিন্ন এলাকায় ৭০টি কারখানা বন্ধ রাখা হয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ









