বিনোদন ডেস্ক
ঢাকা: আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের পতাকা আবারও উঁচুতে তুলে ধরলেন অভিনেত্রী নাজিফা তুষি। মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য ২০২৬ সালের এশিয়ান ওয়ার্ল্ড চলচ্চিত্র উৎসবের ১২তম আসরে সেরা অভিনেত্রীর ‘স্নো লেপার্ড’ পুরস্কার জিতেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজিত এই মর্যাদাপূর্ণ উৎসবে এশিয়ার চলচ্চিত্রকে হলিউড ও আন্তর্জাতিক দর্শকদের সামনে তুলে ধরা হয়। এই পুরস্কার জয়ের মাধ্যমে ভুটানের ট্যান্ডিন বিদ্যা, লেবাননের ডায়মন্ড বু আবুদ এবং সিঙ্গাপুরের হুই ফাং হংয়ের মতো খ্যাতনামা অভিনেত্রীদের কাতারে নাম লেখালেন তুষি।
উল্লেখ্য, ‘রইদ’ সিনেমায় ‘সাদুর বউ’ চরিত্রে অভিনয়ের জন্য এটি তুষির দ্বিতীয় আন্তর্জাতিক সেরা অভিনেত্রীর স্বীকৃতি। এর আগে কানাডার ‘মোজাইক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ১২তম আসরেও তিনি একই পুরস্কার অর্জন করেছিলেন।
নিজের অনুভূতি প্রকাশ করে নাজিফা তুষি জানান, পুরস্কারের আশায় নয় বরং নিজের চরিত্রটিকে সঠিকভাবে ফুটিয়ে তোলার জন্যই তিনি কাজ করেন। তবে এই আন্তর্জাতিক স্বীকৃতি অভিনেত্রী হিসেবে তার দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে বলে তিনি মনে করেন।
তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান অভিনীত ‘রইদ’ সিনেমাটি ইতোমধ্যেই রটারডাম চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগ ‘টাইগার’-এ প্রথম বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য ছবি হিসেবে জায়গা করে নিয়েছিল। এছাড়া সিয়াটল, ডানাং এবং অস্ট্রিয়ার ইনসব্রুক চলচ্চিত্র উৎসবেও প্রশংসিত হয়েছে সিনেমাটি।
বাংলাফ্লো/এম এইচ এইচ









