বিনোদন ডেস্ক
ঢাকা: হলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘জেমস বন্ড’-এর নতুন অভিনেতা হিসেবে ব্রিটিশ তারকা রবার্ট প্যাটিনসনের নাম সামনে আসতেই নতুন করে শুরু হয়েছে আলোচনা। প্যাটিনসনের বিপরীতে বন্ডকন্যা বা নায়িকার ভূমিকায় কে অভিনয় করবেন, তা নিয়ে ভক্ত ও বিনোদন মহলে চলছে নানা জল্পনা-কল্পনা। এরই ধারাবাহিকতায় সম্প্রতি সম্ভাব্য ১৯ জন অভিনেত্রীর একটি তালিকা প্রকাশ করেছে বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম ভ্যারাইটি।
তবে ভ্যারাইটির প্রকাশিত সেই তালিকায় নিজের নাম খুঁজে না পেয়ে বেশ মজার ছলে প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী আমান্ডা সাইফ্রেড। সামাজিক যোগাযোগমাধ্যমে তালিকাটি প্রকাশের পর বন্ডের প্রেমিকা চরিত্রে অভিনয়ের জন্য তার বয়স বেশি হয়ে গেছে কি না, এমন প্রশ্ন তুলে সংশ্লিষ্টদের খোঁচা দিয়েছেন তিনি।
ইনস্টাগ্রামে ওই তালিকার পোস্টে আমান্ডা সাইফ্রেড মজা করে মন্তব্য করেন, ‘আমার কি বয়স বেশি হয়ে গেছে?’ বর্তমানে ৪০ বছর বয়সী এই অভিনেত্রীর আগামী মাসে ৪১ বছর পূর্ণ হতে যাচ্ছে। মজার বিষয় হলো, নতুন জেমস বন্ড হিসেবে আলোচিত রবার্ট প্যাটিনসনের বয়সও বর্তমানে ৪০ বছর। অর্থাৎ দুজনের বয়সের ব্যবধান প্রায় সমান, যদিও এখন পর্যন্ত তারা কোনো সিনেমায় একসঙ্গে জুটি বাঁধেননি, তবে অস্কারসহ বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেছেন।
এদিকে ভ্যারাইটির প্রকাশিত ১৯ জনের তালিকায় রয়েছেন মার্গো রবি, জেনডায়া, ফ্লোরেন্স পিউ, এমিলি ব্লান্ট, সিডনি সুইনি, আনিয়া টেইলর-জয়, লিলি জেমস, মার্গারেট কোয়ালি, সোফি টার্নার, আদ্রিয়া আরজোনা, জেমা চ্যান, মেরিয়ন কটিলার ও লুপিতা নিয়ংওসহ আরও কয়েকজন তারকা।
বিনোদন বিশ্লেষকদের অনেকেই সম্ভাব্য বন্ডকন্যা হিসেবে অভিনেত্রী মার্গারেট কোয়ালিকে এগিয়ে রাখছেন, যিনি ২০২৫ সালের অস্কার অনুষ্ঠানেও জেমস বন্ডকে ঘিরে বিশেষ পরিবেশনায় অংশ নিয়েছিলেন। তবে নতুন জেমস বন্ড সিনেমায় মার্গারেট কোয়ালি কিংবা তালিকার অন্য কোনো অভিনেত্রীর অভিনয়ের বিষয়টি নির্মাতারা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি।
বাংলাফ্লো/এম এইচ এইচ












