জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ: দীর্ঘ চার মাস ২৪ দিন পর কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি লোহার দানবাক্স খোলা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এই দানবাক্সগুলো খোলা হয় এবং প্রাপ্ত বিপুল পরিমাণ টাকা বস্তায় ভরে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নিয়ে দিনব্যাপী গণনার কাজ চলছে।
সকালে দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এবং সদর ইউএনও মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের কর্মকর্তারা।
টাকা গণনার কাজে রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, মসজিদ কমপ্লেক্সের মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী এবং পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছেন। সাধারণত প্রতি তিন মাস পরপর দানবাক্স খোলার কথা থাকলেও অনিবার্য কারণে এবার প্রায় পাঁচ মাস পর খোলা হলো এবং দানের পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনায় নতুন করে আরও দুটি দানবাক্স স্থাপন করা হয়েছিল।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের ২৭ জুন ১৮২ দিন পর পাগলা মসজিদের দানবাক্স খুলে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকার পাশাপাশি বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও রৌপ্যালঙ্কার পাওয়া গিয়েছিল। এবারও নগদ টাকার পাশাপাশি বিদেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গেছে এবং আগের সব রেকর্ড ভেঙে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বাংলাফ্লো/এম এইচ এইচ












