বিনোদন ডেস্ক
ঢাকা: বলিউডে শুটিংয়ের কর্মঘণ্টা ও কর্মপরিবেশ নিয়ে চলমান আলোচনার মধ্যে সহকর্মী দীপিকা পাড়ুকোনের পাশে শক্ত অবস্থান নিয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। চলচ্চিত্রশিল্পে কাজের সময়সীমা আট ঘণ্টায় নির্ধারণের দাবিকে সমর্থন জানিয়ে আলিয়া বলেছেন, পুরো ইন্ডাস্ট্রির কাজের ধরন এবং কলাকুশলীদের সুযোগ-সুবিধা নিয়ে এখন নতুন করে ভাবার সময় এসেছে।
সম্প্রতি প্রভাবশালী টাইম ম্যাগাজিনের ‘টাইম১০০ নেক্সট ইন্ডিয়া’ তালিকায় স্থান করে নিয়েছেন আলিয়া ভাট। এ উপলক্ষে ম্যাগাজিনটিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলিউডের কর্মপরিবেশ নিয়ে স্পষ্ট কথা বলেন তিনি। আলিয়ার মতে, কাজের সময় নির্দিষ্ট ও ন্যায্য হলে কর্মীদের কাজের দক্ষতা বাড়ে এবং সবাই নিজেদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনের জন্যও প্রয়োজনীয় সময় বের করতে পারেন।
অভিনেত্রী আরও বলেন, অনেক প্রযোজক কর্মীদের সুবিধার কথা ভাবলেও সামগ্রিকভাবে ন্যায্য সময় নির্ধারণের দাবি তুললে যেন কাউকে চাকরি হারানোর ভয় পেতে না হয়—এমন নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি শুটিং সেটে শুধু প্রথম সারির তারকাদের জন্য নয়, বরং সেটে কাজ করা সব নারী শিল্পী ও সাধারণ কর্মীর জন্য পরিচ্ছন্ন শৌচাগারের ব্যবস্থা থাকা স্বাভাবিক অধিকার হিসেবে দেখা উচিত বলে তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, ২০২৫ সালে মা হওয়ার পর দীপিকা পাড়ুকোন দৈনিক আট ঘণ্টা কাজের দাবি তুললে বলিউডে ব্যাপক বিতর্ক শুরু হয়। এ দাবির কারণেই তিনি সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ ও ‘কাল্কি ২৮৯৮ এডি’র দ্বিতীয় পর্ব থেকে সরে দাঁড়ান বলে জানা যায়। পরবর্তীতে কারিনা কাপুর, নেহা ধুপিয়া ও অনন্যা পাণ্ডের মতো তারকারাও দীপিকাকে সমর্থন জানান; প্রসঙ্গত, আলিয়ার হাতে বর্তমানে ‘লাভ অ্যান্ড ওয়ার’ এবং দীপিকার হাতে শাহরুখের ‘কিং’ সিনেমা রয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












