জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ: কয়েক দিনের টানা সহিংসতার পর অবশেষে গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত থেকে জেলার কোথাও নতুন করে কোনো ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকেই ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশ এবং গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সরেজমিনে জেলা শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে চলমান বৃষ্টির কারণে জেলার কোথাও আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কোনো মিছিল বা ভাঙচুরের ঘটনা ঘটেনি। শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে এবং খাবারের দোকানের পাশাপাশি অন্যান্য দোকানপাটও খুলতে শুরু করেছে। তবে গত কয়েক দিনের আতঙ্কের কারণে শহরের রাস্তায় সাধারণ মানুষের উপস্থিতি এখনো কম এবং রিকশা ও ইজিবাইক ছাড়া বড় যানবাহন তেমন চোখে পড়েনি।
এদিকে এর আগের সহিংসতায় ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম এখনো বন্ধ রয়েছে। ওই সময়ে সংসদ সদস্যসহ গ্রামীণ ব্যাংকের শাখা, বিএনপি কার্যালয় এবং বিএনপি ও জামায়াত নেতাদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. তৌহিদ আহম্মেদ জানান, বৃহস্পতিবার রাতেই মহাসড়ক পরিষ্কার করে যান চলাচল শুরু করা হয়েছে এবং লকডাউনের কারণে আটকে থাকা সব যানবাহন গন্তব্যে রওনা দিয়েছে। শুক্রবার সড়কে সব ধরনের যানবাহন স্বাভাবিকভাবেই চলাচল করছে। তবে গত কয়েক দিনের অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে জানতে জেলা পুলিশের একাধিক কর্মকর্তাকে ফোন করা হলেও তারা কল রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বাংলাফ্লো/এম এইচ এইচ











