আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধের সিদ্ধান্ত নিতে হলে কোনোভাবেই পিছপা হতেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি এই যুদ্ধের কারণে রাজনৈতিকভাবে ক্ষতির মুখে পড়তে হতে পারে—এমন আশঙ্কা থাকা সত্ত্বেও নিজের অবস্থানে অটল থাকার কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনার সময় যে সমঝোতা স্মারক (এমওইউ) তৈরি হয়েছিল, সেটিই প্রকৃত অগ্রগতির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে ওই আলোচনার মধ্য দিয়েই ওয়াশিংটন বুঝতে পেরেছে যে ইরানের কর্মকর্তাদের ওপর কোনোভাবেই আস্থা রাখা যায় না।
সাক্ষাৎকারে ইরানি নেতৃত্বের প্রতি কড়া সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ওই সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্র তাদের খুব ভালোভাবে চিনে নিয়েছে এবং বুঝে গেছে যে তাদের বিশ্বাস করা সম্ভব নয়। ইরানের বিরুদ্ধে সামরিক ও যুদ্ধ পরিচালনার সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়ে তিনি দাবি করেন, দীর্ঘমেয়াদে তার এই কঠোর সিদ্ধান্ত ইতিবাচকভাবেই মূল্যায়িত হবে।
যুদ্ধের সিদ্ধান্ত আবার নেওয়ার সুযোগ এলে একই পথে হাঁটবেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প দ্বিধাহীনভাবে বলেন, একই পরিস্থিতি তৈরি হলে অবশ্যই তিনি আবারও একই সিদ্ধান্ত নেবেন। ইরানের সঙ্গে সংঘাতের প্রভাব মার্কিন নির্বাচনের ওপর পড়েছে বলে স্বীকার করলেও ট্রাম্পের দাবি, তিনি কখনোই রাজনৈতিক লাভ-ক্ষতির হিসাব কষে সিদ্ধান্ত নেন না; বরং দেশের স্বার্থ বিবেচনা করেই যেকোনো কঠোর পদক্ষেপ নেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ












