জেলা প্রতিনিধি
টাঙ্গাইল: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শেখ মুজিবুর রহমানের ম্যুরালের অবশিষ্ট কাঠামোয় মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নতুন ম্যুরাল স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে নবনির্মিত এই ম্যুরালটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু ও আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক এসএম ওবায়দুল হক নাসির এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে ২০২০ সালে মুজিববর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি নির্মাণ ও উদ্বোধন করা হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের অভ্যুত্থানের পর শিক্ষার্থীরা ম্যুরাল থেকে শেখ মুজিবের প্রতিকৃতি সরিয়ে ফেলেন।
প্রতিকৃতি সরিয়ে ফেলার পরও ম্যুরালের মূল স্তম্ভ ও অবকাঠামো অক্ষত ছিল। সেই অক্ষত কাঠামোর ওপরেই মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে তাঁর নতুন ম্যুরালটি স্থাপন ও উদ্বোধন করা হলো।
বাংলাফ্লো/এম এইচ এইচ












