জেলা প্রতিনিধি
রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং সেখান থেকে অবিস্ফোরিত অবস্থায় আরও একটি ককটেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহাবুবর রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ প্রধান ফটক এলাকায় বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়, যা ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে দেয়। একই সাথে আগামী ১৯ নভেম্বর ক্যাম্পাস বন্ধ রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাবি শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু হুমকি দিয়েছেন বলে প্রক্টর জানিয়েছেন।
ঘটনার পরপরই ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করতে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে রাতের অন্ধকারে ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করা কিছুটা কঠিন হচ্ছে বলে প্রশাসন উল্লেখ করেছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদুল ইসলাম জানিয়েছেন, বোম ডিস্পোজাল ইউনিট, পুলিশ ও গোয়েন্দা সংস্থাকে বিষয়টি জানানো হয়েছে এবং তারা ইতিমধ্যেই কাজ শুরু করেছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মতিহার থানার মাধ্যমে ক্যাম্পাসে পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে এবং দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনা হবে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












