জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের ভেতরে থাকা নগদ টাকা ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে বলে জানা গেছে।
রোববার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পাটগাতী বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের ওই শাখায় এ ঘটনা ঘটে। তবে অগ্নিসংযোগে ঠিক কী পরিমাণ নগদ টাকা পুড়েছে, তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের ডাকা বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে দিনভর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। জেলার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলসহ নানা কর্মকাণ্ড পরিচালনা করেন।
সেই উত্তপ্ত পরিস্থিতির ধারাবাহিকতায় সন্ধ্যার পর রাত ৮টার দিকে পাটগাতী বাজারে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানো হয়। এতে ব্যাংকের নগদ অর্থ ও প্রয়োজনীয় নথিপত্র আগুনে ক্ষতিগ্রস্ত হয়।
এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, সন্ধ্যার পর পাটগাতী বাজারের গ্রামীণ ব্যাংক শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাটি ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












