আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: ক্যান্সারের চিকিৎসা শেষে প্রথমবারের মতো বড় পরিসরে বিদেশ সফরে যাচ্ছেন ব্রিটেনের প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। স্বামী প্রিন্স উইলিয়ামের সঙ্গে ভারতের মুম্বাইয়ে আগামী ১৬ থেকে ১৮ নভেম্বর তিন দিনের সরকারি সফরে অংশ নেবেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই সফরের অংশ হিসেবে ১৭ নভেম্বর (মঙ্গলবার) প্রিন্স উইলিয়ামের প্রতিষ্ঠিত পরিবেশবিষয়ক মর্যাদাপূর্ণ পুরস্কার ‘আর্থশট প্রাইজ’ প্রদান অনুষ্ঠানেও যোগ দেবেন এই ব্রিটিশ রাজদম্পতি।
২০২৪ সালে ক্যান্সার শনাক্ত হওয়ার পর কেমোথেরাপি চিকিৎসা নেন কেট মিডলটন। বর্তমানে তিনি রোগমুক্তির পর্যায়ে থাকলেও অসুস্থতার প্রভাব এখনো পুরোপুরি কাটেনি। চিকিৎসার পর এটিই তার সবচেয়ে বড় বিদেশ সফর; এর আগে চলতি বছরের মে মাসে তিনি ইতালিতে দুই দিনের সংক্ষিপ্ত সফরে গিয়েছিলেন।
প্রিন্স উইলিয়াম ২০২০ সালে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর ও নতুন সমাধান খুঁজে বের করার লক্ষ্যে ‘আর্থশট প্রাইজ’ প্রতিষ্ঠা করেন। এই পুরস্কারের আওতায় প্রতিবছর পাঁচটি উদ্ভাবনী উদ্যোগকে নির্বাচিত করা হয় এবং প্রতিটি উদ্যোগকে আরও বড় পরিসরে বাস্তবায়নের জন্য ১০ লাখ পাউন্ড করে অর্থসহায়তা দেওয়া হয়। কেনসিংটন প্যালেসের এক মুখপাত্র জানান, পরিবেশগত সংকট গুরুতর হলেও তা মোকাবিলায় উদ্ভাবন, সংকল্প ও সৃজনশীলতার অভাব নেই—এই আশাব্যঞ্জক বার্তাই তুলে ধরতে চায় আর্থশট প্রাইজ।
আয়োজকদের তথ্য অনুযায়ী, মুম্বাইয়ের এবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি হবে এযাবৎকালের সবচেয়ে বড় আয়োজন। এতে ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত থাকবেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার, বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও হলিউড অভিনেতা রামি মালেকসহ বিভিন্ন অঙ্গনের তারকারা। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে জনপ্রিয় ব্রিটিশ পপ ব্যান্ড ‘টেক দ্যাট’, যা হবে ভারতে দলটির প্রথম পরিবেশনা। আর্থশট প্রাইজের অনুষ্ঠান ছাড়াও ভারতীয় ক্রিকেট, ফ্যাশন ও চলচ্চিত্রবিষয়ক বিভিন্ন আয়োজনে অংশ নেবেন উইলিয়াম ও কেট।
বাংলাফ্লো/এম এইচ এইচ









