আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: যুক্তরাষ্ট্রের ফেডারেল বা কেন্দ্রীয় সংস্থাগুলোর নিয়মকানুন পুরোপুরি বাতিল করার ক্ষেত্রে বিচারকদের ক্ষমতা খর্ব করতে চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ লক্ষ্যে দেশটির সুপ্রিম কোর্টে একটি গুরুত্বপূর্ণ আপিল করেছে তার প্রশাসন। আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, গত বছর দেশব্যাপী বিচারকদের নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষমতা সীমিত করার পর এবার ১৯৪৬ সালের ‘অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউর অ্যাক্ট’ (এপিএ) আইনের আওতায় বিচারকদের কোনো সরকারি নীতি বা বিধিমালা পুরোপুরি বাতিল করার ক্ষমতা কেড়ে নিতে চাইছে হোয়াইট হাউস।
প্রশাসনের যুক্তি হলো, আদালতের কোনো রায়ে পুরো দেশের জন্য একটি সরকারি নিয়ম বাতিল করে দেওয়া উচিত নয়; বরং আদালতের রায় বা সুবিধা কেবল যে নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান মামলা করেছে, শুধু তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হওয়া উচিত। আইনজীবীদের মতে, ট্রাম্প প্রশাসন এই মামলায় জিতলে সরকার বড় সুবিধা পাবে—কারণ কোনো নিয়মকে বিচারক বেআইনি ঘোষণা করলেও মামলাকারীরা ছাড়া দেশের বাকি সবার ওপর সরকার অনির্দিষ্টকাল ধরে সেই নিয়ম কার্যকর রাখতে পারবে।
২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকে অভিবাসন নিয়ন্ত্রণসহ ট্রাম্পের বিভিন্ন আগ্রাসী পদক্ষেপের বিরুদ্ধে শত শত মামলা হয়েছে। অনেক বিচারক এপিএ আইনের আওতায় সরকারের এসব নীতি দেশব্যাপী অবৈধ ঘোষণা করে বাতিল করে দিয়েছেন। সর্বশেষ টেক্সাসের কয়েকজন চিকিৎসক রোগীদের ‘অপ্রত্যাশিত চিকিৎসা বিল’ কমানোর একটি সরকারি নিয়মের বিরুদ্ধে মামলা করলে গত আগস্টে একটি আপিল আদালত বিধিমালাটির কিছু অংশ সারাদেশে বাতিল করে।
ট্রাম্প প্রশাসন এখন সুপ্রিম কোর্টে গিয়ে বলছে, আদালত যেন পুরো দেশের জন্য ওই নিয়ম বাতিল না করে শুধু মামলাকারী চিকিৎসকদের ক্ষেত্রেই তা সীমিত রাখে। আগামী বছরের শুরুতে সুপ্রিম কোর্ট এই আপিল শুনানির জন্য গ্রহণ করবে কি না, তা নির্ধারণ করবে। তবে আইন বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, কেন্দ্রীয় সরকারের ক্ষমতার অপব্যবহার রোধে বিচারকদের এই ক্ষমতা একটি বড় রক্ষাকবচ; এটি খর্ব করা হলে ডেমোক্র্যাটদের পাশাপাশি টেক্সাস ও ফ্লোরিডার মতো রিপাবলিকান-সমর্থিত রাজ্যগুলোও এর বিরোধিতা করতে পারে।
বাংলাফ্লো/এম এইচ এইচ











