বিনোদন ডেস্ক
ঢাকা: দীর্ঘ পাঁচ বছরের বিরতি কাটিয়ে আবারও ছোট পর্দায় ফিরছে ভারতের জনপ্রিয় হাসির রিয়ালিটি শো ‘মীরাক্কেল’। দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আসছে মীরাক্কেলের ১১তম সিজন। এরই মধ্যে বুধবার (১১ নভেম্বর) নতুন সিজনের অডিশনের প্রোমো প্রকাশ করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের সিজনে বেশ কিছু পরিবর্তন থাকছে। পাঁচ বছর বা তার বেশি বয়সী যে কেউ নিজের লেখা ও বলা কৌতুকের ভিডিও পাঠিয়ে অডিশনে অংশ নিতে পারবেন। জমা পড়া ভিডিওগুলো থেকে বাছাইয়ের পর শুরু হবে মূল পর্বে জায়গা করে নেওয়ার লড়াই।
সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারি মাস থেকে নতুন সিজনের প্রচার শুরু হতে পারে। এর আগে জানুয়ারির শেষ দিকে শুটিং শুরুর সম্ভাবনা রয়েছে। তবে প্রতিযোগী বাছাইয়ের প্রক্রিয়া শেষ হওয়ার ওপরই চূড়ান্ত সময়সূচি নির্ভর করছে বলে জানা গেছে।
নতুন সিজনের বিচারকের আসনে কারা থাকবেন, তা এখনও নিশ্চিত করা হয়নি, যা নিয়ে দর্শকদের মাঝে কৌতূহল বাড়ছে। আগের সিজনগুলোতে মীরের সঞ্চালনা এবং শ্রীলেখা মিত্র, রজতাভ দত্ত ও পরাণ বন্দ্যোপাধ্যায়ের বিচারকের ভূমিকা অনুষ্ঠানটিকে আলাদা জনপ্রিয়তা দিয়েছিল।
নতুন সিজনের ঘোষণা আসার পর থেকেই সামাজিক মাধ্যমে মীরসহ পুরোনো বিচারকদের ফিরিয়ে আনার দাবি জানাচ্ছেন ভক্তরা। তবে মীর সম্প্রতি জানিয়েছিলেন যে ভবিষ্যতে আর ‘মীরাক্কেল’-এর সঞ্চালকের আসনে ফিরতে চান না তিনি। ফলে নতুন সিজনে মীর, শ্রীলেখা, রজতাভ ও পরাণের উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ











