বিনোদন ডেস্ক
ঢাকা: সোফায় আয়েশি ভঙ্গিতে শুয়ে উন্মুক্ত পেটের অংশ ক্যামেরাবন্দি করে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। কোনো জমকালো সাজসজ্জা বা স্টুডিও লাইট ছাড়াই ঘরোয়া পরিবেশে তোলা ছবিটিতে দেখা যাচ্ছে তিনি নিজের পেটের অংশ মেলে ধরেছেন।
ছবির সঙ্গে মজার ছলে অভিনেত্রী ক্যাপশন জুড়ে দিয়েছেন, ‘ধরে নিন, এটাই আমার ম্যাটারনিটি শুট!’ তাঁর এই রসিকতাপূর্ণ মন্তব্য প্রকাশ্যে আসার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা ও গুঞ্জন। নেটিজেনদের একাংশের ধারণা, বর্তমান সময়ে তারকাদের অতি-আড়ম্বরপূর্ণ মাতৃত্বকালীন ফটোশুটকে খোঁচা বা ব্যঙ্গ করতেই হয়তো সামান্থা এই কাণ্ড ঘটিয়েছেন।
সাম্প্রতিক সময়ে বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির বহু অভিনেত্রী নিজেদের বেবি বাম্প নিয়ে হাই-প্রোফাইল ফটোশুট করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। দীপিকা পাড়ুকোন, সোনম কাপুর, রাধিকা আপ্তে ও বিপাশা বসুদের মতো তারকাদের মাতৃত্বকালীন শুট নিয়ে সামাজিক মাধ্যমে পক্ষে-বিপক্ষে তুমুল বিতর্ক চলেছিল। সামান্থার এই ঘরোয়া পোস্ট সেই পুরোনো বিতর্ককে আবার নতুন করে উসকে দিয়েছে।
নেটিজেনদের একাংশ সামান্থার এই স্বাভাবিক ও অনাড়ম্বর উপস্থাপনার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তাঁদের মতে, গ্ল্যামার ও কৃত্রিম আড়ম্বরের বাইরে গিয়ে মাতৃত্বকে অত্যন্ত সহজ ও স্বাভাবিকভাবে তুলে ধরার বার্তা দিয়েছেন তিনি। তবে সামান্থা সত্যিই ব্যঙ্গ করেছেন নাকি নিছক মজাই করেছেন, তা নিয়ে স্পষ্ট কোনো প্রতিক্রিয়া তিনি দেননি।
বাংলাফ্লো/এম এইচ এইচ









