জেলা প্রতিনিধি
মাদারীপুর:
মাদারীপুরের শিবচরে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা তাইজুল ইসলামের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে দলীয় দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে শিবচর উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইউসুফ হাওলাদারের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাইজুল ইসলাম কোনো ইউনিটের পূর্ণাঙ্গ সভাপতি নন; তিনি নিলখী ইউনিয়নে সাংগঠনিক দায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি তার বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ ওঠার পর প্রাথমিক পদক্ষেপ হিসেবে তাকে সংগঠনের সব ধরনের সাংগঠনিক দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এদিকে ভিডিও ছড়িয়ে পড়ার পর নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে ভিন্ন দাবি করেছেন তাইজুল ইসলাম। সেখানে তিনি দাবি করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে যে নারীকে দেখা গেছে, তিনি তার বৈধ স্ত্রী। এটি তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও রাজনৈতিকভাবে কোণঠাসা করার ষড়যন্ত্রমূলক অপচেষ্টা বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে শিবচর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. সরোয়ার হোসেন মৃধা জানান, ঘটনাটি খতিয়ে দেখার জন্য দলীয়ভাবে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দলীয় গঠনতন্ত্র ও নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. রাকিবুল হাসান জানান, আপত্তিকর ভিডিও ধারণ ও তা ছড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এক মাদ্রাসাশিক্ষক মো. আবুল কালাম আজাদ প্রাণনাশের হুমকির অভিযোগ এনে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












