বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: আগামীকাল মঙ্গলবার সরকারি সফরে রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি দুপুর দেড়টায় রাজশাহী ধর্মসভা মন্দিরে শারদীয় দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন।
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন জানিয়েছেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানের এই প্রথম সফরকে ঘিরে রাজশাহীজুড়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। প্রধানমন্ত্রীর এই সফর রাজশাহীর সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সফরকে কেন্দ্র করে মাদরাসা ময়দানের সভাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাসিক প্রশাসক জানান, বিমান চত্বর থেকে কাসিয়াডাঙ্গা পর্যন্ত চার লেনের সড়ক নির্মাণ, নগরীর ৩০টি ওয়ার্ডে খেলার মাঠ উন্নয়ন এবং প্রবীণ নাগরিকদের জন্য পার্ক নির্মাণসহ রাজশাহীর উন্নয়নে বেশ কিছু বৃহৎ প্রকল্প গ্রহণ করা হয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ









