বিনোদন ডেস্ক
ঢাকা: ইউটিউব চ্যানেল ‘নাফ এন্টারটেইনমেন্ট’ (এনএএফ এন্টারটেইনমেন্ট)-এ ইতোমধ্যে প্রকাশ পেয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘প্রথম প্রেমের গল্প’-এর প্রথম দুটি পর্ব। ১২ অক্টোবর থেকে প্রচার শুরু হওয়া তানভীর তন্ময় পরিচালিত এই ধারাবাহিকটি প্রকাশের পর থেকেই এর বড় বাজেটের নির্মাণশৈলী ও তারকাবহুল আয়োজনের কারণে দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে।
প্রকাশিত প্রথম দুই পর্বেই দর্শকদের নজর কেড়েছে নাটকের বিশাল ক্যানভাস ও দৃষ্টিনন্দন উপস্থাপনা। নাটকটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফারিন খান, আলী রাজ, সুজাতা, ফারজানা চুমকি ও জাহিদ হোসেন শোভনের মতো একঝাঁক প্রবীণ ও নবীন তারকা। দেশীয় নাটকে সচরাচর এমন বড় বাজেটের ধারাবাহিক কম দেখা যায় বলে এর নির্মাণ ও প্রোডাকশন ভ্যালুর প্রশংসা করছেন অনেক দর্শক।
নাটকটির প্রাথমিক পর্বগুলোতে বিদেশি ড্রামার অনুপ্রেরণা থাকলেও সেটিকে দর্শকদের সামনে দেশের প্রেক্ষাপটে বড় স্কেলে তুলে ধরার সাহসী চেষ্টা করেছেন নির্মাতা তানভীর তন্ময়। নাটকের শুরুতেই অনুপ্রেরণার বিষয়টি দর্শকদের কাছে স্পষ্ট করা হয়েছে।
নির্মাতা তানভীর তন্ময় জানান, প্রায় দুই বছর আগে থেকেই এই ধারাবাহিকের পরিকল্পনা করা হয়েছিল। সমসাময়িক সময়ে সিরিজের প্রতি দর্শকদের বাড়তি আগ্রহের কারণে নিলয় আলমগীরও একক নাটকের ব্যস্ততার মাঝে এই ধারাবাহিকে কাজ করতে উৎসাহী হন। নির্মাতার মতে, এত বড় বাজেটে আমাদের দেশে নাটক নির্মাণ হওয়ার বিষয়টি ইতিবাচক এবং এটি দেখে অন্যান্য নির্মাতারাও ভবিষ্যতে বড় পরিসরে কাজ করার সাহস পাবেন।
সবচেয়ে বড় চমক হিসেবে নির্মাতা জানিয়েছেন, সামনের পর্বগুলোতে দর্শকদের জন্য সম্পূর্ণ মৌলিক ও নিজস্ব গল্প অপেক্ষা করছে। আর তখনই আনুষ্ঠানিকভাবে দর্শকদের সামনে পরিচয় করিয়ে দেওয়া হবে নাটকটির চিত্রনাট্যকারকে।
পারিবারিক আবেগ, রোমান্স ও নাটকীয়তায় ভরপুর ‘প্রথম প্রেমের গল্প’ ধারাবাহিকটির নতুন পর্বগুলো প্রতি সপ্তাহের সোম ও মঙ্গলবার নিয়মিতভাবে প্রকাশিত হচ্ছে নাফ এন্টারটেইনমেন্ট (NAF Entertainment)-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।
বাংলাফ্লো/এম এইচ এইচ









